কর্ণফুলী পানি জলবিদ্যুৎকেন্দ্রের তথ্য অনুযায়ী, বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ৭৫ দশমিক ৮১ এমএসএল (মিন সি লেভেল)। অথচ বছরের এ সময়ে পানির উচ্চতা সাধারণত ৮৪ দশমিক ১৬ এমএসএল থাকার কথা। ফলে স্বাভাবিকের তুলনায় পানির স্তর উল্লেখযোগ্যভাবে নিচে নেমে গেছে।
nagad
দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিট থেকে দৈনিক সর্বোচ্চ ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। তবে বর্তমানে পাঁচটির মধ্যে মাত্র তিনটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিট থেকে মোট ৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে ৩৫ মেগাওয়াট এবং ২ ও ৪ নম্বর ইউনিট থেকে ৩০ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
কর্ণফুলী পানি জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান বলেন, বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি কাপ্তাই হ্রদের পানির ওপর নির্ভরশীল। পানির স্তর বাড়লে উৎপাদন বাড়ে, আর কমে গেলে উৎপাদনও কমে যায়।
KSRM
তিনি জানান, গত এপ্রিল মাস থেকেই বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির সংকটের কারণে বর্তমানে দুটি ইউনিট বন্ধ রয়েছে। ভারী বৃষ্টিপাত না হলে চালু থাকা ইউনিটগুলোও বন্ধ করে দিতে হতে পারে।
এদিকে হ্রদের পানির স্তর কমে যাওয়ায় রাঙামাটি জেলা সদর থেকে বাঘাইছড়ি, লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার নৌযোগাযোগও ব্যাহত হচ্ছে।
পানির স্বল্পতার কারণে লঞ্চগুলো নির্ধারিত গন্তব্য পর্যন্ত যেতে পারছে না। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। একই সঙ্গে হ্রদের বিভিন্ন ডুবোচরে লঞ্চ ও ইঞ্জিনচালিত ট্রলার আটকে গিয়ে ছোটখাটো দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈনুদ্দীন সেলিম বলেন, ‘বাঘাইছড়ি রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। অন্য রুটগুলোতেও নৌযান নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘প্রতিবছর শুষ্ক মৌসুমে এ ধরনের দুর্ভোগ দেখা দিলেও এবার বর্ষা মৌসুমেও একই পরিস্থিতি তৈরি হয়েছে।’ দীর্ঘমেয়াদে এ সমস্যা সমাধানে কাপ্তাই হ্রদের নাব্যতা রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, কাপ্তাই হ্রদের পানির স্তর মূলত মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে শুধু জলবিদ্যুৎ উৎপাদনই নয়, হ্রদকেন্দ্রিক নৌপরিবহন, স্থানীয় মানুষের জীবন-জীবিকা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডও নেতিবাচকভাবে প্রভাবিত হয়।
সম্পাদক: আবু বক্কর সিদ্দিক, ব্যবস্থাপনা সম্পাদক: এস এম আসাদ,
নির্বাহী সম্পাদক: এম এম উদ্দিন, বার্তা সম্পাদক: মোঃ আতিকুর রহমান স্বপন
যোগাযোগ: ৪৫, ট্রফিখানা টাওয়ার, পুরানা পল্টন মোড়,ঢাকা: ১০০০ মোবাইল নম্বর: ০১৯৮৮-৫৩০৯২৮
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত