
গত ১ অক্টোবর ২০২৬ তারিখে আপনাদের দৈনিকে প্রকাশিত “৮৭ টাকায় আনা মাল্টা বাজারে কেন ৫২০ টাকা কেজি” শীর্ষক সংবাদটি চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতি’র দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে ৮৭টাকায় মাল্টা কিনে ৫২০ টাকায় বিক্রির যে তথ্য দেওয়া হয়েছে, তা অবাস্তব ও বিভ্রান্তিকর। সমিতির পক্ষ থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মূলত, এনবিআর-এর নীতিমালা অনুযায়ী আমদানিকৃত ফল বিলাসবহুল পণ্য হিসেবে বিবেচিত হওয়ায় এর ওপর চড়া শুল্ক পরিশোধ করতে হয়, যার প্রভাব সরাসরি বাজারে পড়ে। তাছাড়া, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি ও যুদ্ধের কারণে আফ্রিকা থেকে মাল্টা আমদানি ও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। বাজারে এই ফলটির সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় সাময়িকভাবে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদিও অন্যান্য ফলের বাজারদর সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অধিকাংশ সময় ব্যবসায়ীদের লোকসানে ব্যবসা পরিচালনা করতে হয়।