শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

২নং চানন্দী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মো. সিরাজ উদ্দিন চিশতী

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

মোঃ আক্তার হোসেন,হাতিয়া প্রতিনিধি।
আসন্ন ২নং চানন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপ্রত্যাশী হিসেবে জোরালোভাবে উঠে এসেছে দীর্ঘদিনের সক্রিয় রাজনৈতিক কর্মী মো. সিরাজ উদ্দিন চিশতীর নাম।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন মো. সিরাজ উদ্দিন চিশতী। দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে সক্রিয়ভাবে রাজনীতি করার কারণে অতীতে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।

অভিযোগ রয়েছে, বিগত সময়ে প্রতিপক্ষের হামলায় তাঁর তিল তিল করে গড়ে তোলা কাপড়ের দোকানের সমস্ত মালামাল এবং বাজারের জেনারেটর লুটপাট করা হয়। শুধু ব্যবসাপ্রতিষ্ঠানই নয়, সে সময় তাঁর বসতবাড়িতেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁকে চরম অনিশ্চয়তা ও মানবেতর জীবনযাপন করতে হয়।

এলাকাবাসীর মতে, শত প্রতিকূলতা ও ক্ষয়ক্ষতির মুখেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে প্রবীণ ভোটারদের মাঝে তাঁর বেশ গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

দলীয় মনোনয়ন প্রত্যাশার বিষয়ে মো. সিরাজ উদ্দিন চিশতী ও তাঁর সমর্থকদের দাবি, দলের চরম দুর্দিনে তিনি যে ত্যাগ স্বীকার করেছেন এবং যে আর্থিক ও সামাজিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন, আসন্ন নির্বাচনে দল তার যথাযথ মূল্যায়ন করবে। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যে তিনি দলের হাইকমান্ডের সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews